মণিরামপুরে ২০ হাজার মানুষ পানিবন্দী, পানিবাহিত রোগ

অতিবর্ষণে কপোতক্ষ নদের উপচে পড়া পানি প্রবাহিত হয়ে জেলার মণিরামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। রাস্তাঘাটসহ কৃষি জমি, বাড়িঘর, মৎস্য ঘের, ল্যাট্রিন ও টিউবওয়েল তলিয়ে গেছে । স্যানিটেশন ব্যবস্থার পুরোটাই ভেঙ্গে পড়েছে।
 
এরই মধ্যে অতিবর্ষণ এবং কপোতাক্ষ নদ ও ভবদহের উপচে পড়া পানিতে উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
 
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু একাধিকবার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের খোঁজ খবর নিয়েছেন। তারা জানান, শীঘ্রই পানিবন্দীদের পুনর্বাসন ও জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে।