ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের জারী করা পরিপত্রটি বাতিল করা হয়েছে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা সম্পর্কিত এক পরিপত্র গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে জারী করা হয়েছিল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তা বাতিল করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক আদেশ জারী করেছে।
জারীকৃত এ আদেশে বলা হয়, শুধুমাত্র ৭০ শতাংশ ক্লাস হাজিরার ভিত্তিতে টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হলে পরীক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ নষ্ট হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার গুরুত্ব হ্রাস পাওয়ার আশঙ্খা থেকে যাবে।
পাবলিক পরীক্ষার ফলাফলের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ প্রেক্ষিতে শুধু ৭০ শতাংশ ক্লাস উপস্থিতির ভিত্তিতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের গত ১ মার্চের পরিপত্র বাতিল করা হয়।
তবে অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে কোন শিক্ষার্থীর টেস্ট পরীক্ষায় অংশগ্রহণে অসমর্থ হলে তার পূর্ব একাডেমিক রেকর্ড ও ক্লাস কার্যক্রমের ভিত্তিতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয় প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকগণের বিবেচনায় রাখা রয়েছে। -বাসস