আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ ডোপিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অলিম্পিকে ডোপিংয়ের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। অলিম্পিকে ডোপিংয়ের চেষ্টা করা পদক প্রত্যাশী এ্যাথলেটদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
জার্মানের সম্প্রচার প্রতিষ্ঠান এআরডি এবং বৃটেনের প্রভাবশালী সংবাদপত্র সানডে টাইমসের রিপোর্টে অভিযোগ করা হয়েছে, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে পদক জয়ী এথলেটদের মধ্যে গড়ে প্রতি তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে সন্দেহজনক ডোপিংয়ের অভিযোগ রয়েছে।
সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাখ বলেন, ‘অলিম্পিক গেমসে যদি আগামীতে এমন ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে আয়োজকরা তাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে।’
তিনি বলেন, আইওসি এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই বিশ্ব এন্টি-ডোপিং এজেন্সির রিপোর্টের জন্য অপেক্ষা করবে।