জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ২০১৪-২০১৫ অর্থবছরে বিভিন্ন খাত থেকে ৫২ লাখ ৭২ হাজার ৬ শ ৭৫ টাকা রাজস্ব আয় করেছে।
হাসপাতাল সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের মধ্যে রয়েছে এ্যাম্বুলেন্স ভাড়া ৭ লাখ ৮৬ হাজার ৩ শ ২০ টাকা, কেবিন ভাড়া, এক্স-রে, প্যাথলজি, ইসিজি ও অপারেশন ২৪ লাখ ৫৩ হাজার ১ শ ২০ টাকা, বহি:বিভাগ, জরুরী বিভাগ ও আলট্রাসনোগ্রাম ফি থেকে ১৯ লাখ ৪৩ হাজার ১০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৯০ হাজার ২ শ ২৫ টাকা। যা গত অর্থ বছরের চেয়ে ১ লাখ টাকা বেশী।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ আলী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক যেমন সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, এ্যানেসথেসিওলজি, এন্ড্রোক্রাইনোলজি, সাইকেয়েটিক, জুনিয়র কনসালটেন্ট নাক, কান, গলা, চর্ম ও যৌন, মেডিসিন, সার্জাারী, শিশু, রেডিওলজি এবং প্যাথলজি পদ গুলো দীর্ঘদিন ধরে শূন্য থাকায় রোগীরা ক্লিনিকে কখনও জেলার বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ ছাড়াও প্যাথলজি বিভাগে বায়ো-কেমিষ্ট্রি, হেমোটলজি, হরমোন ও ইলেকট্রোলাইট এনালাইজার মেশিনগুলো না থাকায় রোগীদের ভোগান্তির পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে বলেও জানান ডা: মোহাম্মদ আলী।