স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী ৮ মার্চ। গতকাল ওয়ানডে ফরম্যাটের এই লিগের আংশিক সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল লিগের তিন রাউন্ডের সূচি দিয়েছে সিসিডিএম।
প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৮, ৯ মার্চ প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। ১১, ১২ মার্চ দ্বিতীয় রাউন্ড ও ১৪, ১৫ মার্চ তৃতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে। ১২টি ক্লাব নিয়ে শুরু হতে চলা লিগের খেলা হবে তিন ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশাপাশি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে লিগের ম্যাচ। ৮ মার্চ মিরপুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে বিকেএসপি।