বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বলেছে, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার সরকারের পুরনো কৌশল। কিন্তু ছাত্রদল সভাপতি রাজিবকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা বিরোধীদলের তরুণ ও ভবিষ্যত নেতৃত্বকে কলঙ্কিত এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বর্তমান ভোটারবিহীন দখলদার সরকারের জোর করে ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন।
তিনি বলেন, সরকারের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে ষড়যন্ত্রমূলক গ্রেফতার করে তার কাছ থেকে মাদক উদ্ধারের মিথ্যা ও বানোয়াট নাটক মঞ্চস্থ করা হয়েছে।
তিনি অবিলম্বে রাজিব আহসান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রিজভী আহমেদসহ সবার মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, ১৯ জুলাই রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়।