ভাঙ্গায় থ্রি হুইলার চালক-মালিকদের সড়ক অবরোধ

 
মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে চালক ও মালিকপক্ষ। মঙ্গলবার সকালে ভাঙ্গা বিশ্বরোড মোড়, মালিগ্রাম বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও পুখুরিয়া বাসস্ট্যান্ডে নসিমন-করিমন, থ্রি হুইলার মাহিন্দ্রার চালক-মালিকেরা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম দাবি করেন, সকালে পুখুরিয়া বাসস্ট্যান্ডে স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে কিছু লোক সড়ক অবরোধ করে রাখে। অপরদিকে মালিগ্রাম বাসস্ট্যান্ডে শত শত থ্রি হুইলার চালক-মালিকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। একই সময় ভাঙ্গা বিশ্ব রোড মোড় ও মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে কয়েকশত চালক মানববন্ধন ও সড়ক অবরোধ করতে চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।