মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ

প্রধান আসামির রিমান্ড বিষয়ে শুনানি রবিবার

 
মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি সেন সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ এর বিচারক ফারহা মামুন।
 
মঙ্গলবার দুপুরে মাগুরা ডিবি কার্যালয় থেকে প্রধান আসামি সেন সুমন ও অপর দুই আসামি সাগর ও বাপ্পীকে আদালতে হাজির করা  হয়।
 
ডিবি পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক জানান, তিনজনের মধ্যে প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
 
এর আগে সোমবার রাত ১১ টায় সেন সুমন, বাপ্পি ও সাগরকে মাগুরা ডিবি কার্যলায়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেন সুমনকে রবিবার  ঢাকার কল্যাণপুর থেকে ব্যার-৪ গ্রেফতার করেছিল। অন্যদিকে বাপ্পী ও সাগরকে সোমবার বিকেলে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
 
মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামির মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি ও র‌্যাব সদস্যরা।
 
উল্লেখ্য, গত ২৩ জুলাই শহরের দোয়ার পাড় এলাকায় যুবলীগের  সমর্থকদের মধ্যে সাথে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন আব্দুল মমিন ভুঁইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম। নিহত মমিনের পুত্র রুবেল মিয়া বাদী হয়ে মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন।