ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজাম উদ্দিন (৩৫) নামে এক চাতাল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিনগর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিজাম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে। তিনি সরাইল উপজেলার শান্তিনগরস্থ মা অটো রাইস মিল নামের একটি চাতালকলে শ্রমিকের কাজ করতেন।
নিজামের সহকর্মীরা অভিযোগ করেন, নিজাম চাতালকল মালিকের কাছ থেকে কাজের অগ্রিম মজুরি নিয়ে গত সোমবার দুপুরে বাড়ি চলে যাচ্ছিলেন। পরে তাকে চাতালকলের সর্দার কিতাব আলীসহ বেশ কয়েকজন সুনামগঞ্জের দিরাই থেকে ধরে পুনরায় সরাইলে নিয়ে আসে। এরপর রাতে চাতালকলের মালিকপক্ষের লোকজন নিজামকে মালিকের কক্ষে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন চালান। পরে গতকাল সকালে চাতালকলের দ্বিতীয় তলার একটি কক্ষে নিজামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে দুপুরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, এটি হত্যা না আত্মহত্যা নিহতের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।