নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থী নিহত

 
নাটোরের হালতি বিলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
 
আহতরা হলেন- আলিফ জাহান রিপন ও বৈশাখী আকতার। তাদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
 
নিহত জাহিদ হাসানের বাড়ি পাবনার সাথিয়া উপজেলায়।
 
জানা গেছে, নৌকার ছাউনির ওপর আনন্দ-উল্লাস করার একপর্যায়ে জাহিদ ভারসাম্য হারিয়ে পড়ে যেতে গেলে পাশের বিদ্যুতের তার ধরে ফেলেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তার দুই বন্ধু রিপন ও বৈশাখী তাকে ছাড়ানোর চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।