জেলার হালতিবিলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের শিক্ষার্থী সাফিয়া খাতুন জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ১৫ জন শিক্ষার্থী নাটোরের হালতিবিলে নৌকা ভ্রমণে যায়। তারা বিলের পানিতে নেমে গোসল করে। গোসলের পরে ভেজা শরীরে জাহিদুল ইসলাম নৌকার ছইয়ের উপরে দাঁড়িয়ে বিলের ছবি তুলছিলেন। এক পর্যায়ে বিলের মাঝ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি পানিতে পড়ে যান। ছই এর উপরে থাকা অপর দুই শিক্ষার্থী নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপাতিল গ্রামের বৈশাখী আক্তার (২২) এবং পঞ্চগড় জেলা সদরের রিপন হোসেন (২২) বিদ্যুতায়িত হন। নাটোর থেকে ফায়ার বিগ্রেডের কর্মীরা বিল থেকে জাহিদুল ইসলাম, বৈশাখী ও রিপনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জাহিদুল ইসলামের বাড়ি পাবনা জেলার সুজানগরে।