মালির উত্তরাঞ্চলীয় তিমবুক্তু এলাকায় সোমবার সেনা ক্যাম্পে ‘সন্ত্রাসী’ হামলায় ১১ সেনা নিহত হয়েছেন। সেখানে হামলার ঘটনায় এ অঞ্চলের আল-কায়েদার অঙ্গ সংগঠনকে দায়ী করা হয়। সরকারি এক বিবৃতিতে একথা জানানো হয়।
মালির উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে জিহাদি হামলা হলেও দেশের মধ্যাঞ্চলে এ বছরের শুরু থেকে তাদের হামলার ব্যাপকতা অনেক বৃদ্ধি পায়।
বিবৃতিতে বলা হয়, অজ্ঞাতনামা বন্দুকধারীরা তিমবুক্তুর প্রায় এক শ ৪০ কিলোমিটার পূর্বে গোউরমা-রহারুসে সোমবার ভোরে মালি ন্যাশনাল গার্ডের একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়।
এতে আরো বলা হয়, ওই হামলায় ১১ গার্ড নিহত ও একজন আহত হয়। বিবৃতিতে এ কাপুরোষিত ও বর্বর হামলার নিন্দা জানানো হয়েছে।
মৌরিতানিয়ার বার্তা সংস্থা আল-আখবার জানায়, জিহাদি গ্রুপ আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
একিউআইএমের মুখপাত্র আবু দারদা আল-চিনগুইতি টেলিফোনে বার্তা সংস্থাকে বলেন, ‘আমাদের যোদ্ধারা ভোরে মালির ওই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নয় সেনাকেহত্যা করে।’
ওই মুখপাত্র আরো জানান, তারা সেখানে থাকা চারটি যানবাহন গুড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে।
মালির দুই সামরিক সূত্র এ হামলার খবর নিশ্চিত করে ১০ জনের মৃত্যুর খবর জানায়।
পশ্চিম আফ্রিকার এ দেশটির মধ্যাঞ্চলে হামলায় মালির দুই সেনা নিহত ও চারজন আহত হওয়ার কয়েকদিন পর এ হামলার ঘটনা ঘটলো।