সাত দফা দাবিতে কারমাইকেলে মানববন্ধন

রংপুর অফিস আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ, পরিবহন সংকট নিরসনে নতুন বাস ক্রয়, সেমিনারে পুরো টাকার বই ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার মানববন্ধন ও কলেজ প্রশাসন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি পেশ করেছে। প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক অসীমা রায় লিপির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত হোসেন, সদস্য কনক ব্যানার্জী অর্পণ প্রমুখ।