ভারতে কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮০ জনের মৃত্যু হয়েছে। এতে ১০ লাখেরও বেশি লোক বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
ভারতের পশ্চিমবঙ্গের অনেক এলাকার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যের বিভিন্ন নদীর তীর ভেঙে হাজারো গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। এসব গ্রামের বিভিন্ন সড়ক ও সেতু ভেঙে গেলেও কোনমতে জোড়াতালি দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু রাখা হয়েছে।
১৮০ জনের অধিকাংশ পানিতে ডুবে মারা যায়। এছাড়া মায়ানমার সীমান্তবর্তী মনিপুরে একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়। সেখানে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে।
পশ্চিমবঙ্গ ও গুজরাট রাজ্য থেকে আরো অনেকের লাশ উদ্ধার করায় মৃতের সংখ্যা সোমবারের ১২০ জন থেকে বেড়ে ১৮০ জনে দাঁড়ালো। সেখানে পানি কমে যাওয়ায় লোকজনকে বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, ‘পশ্চিমবঙ্গে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সেখানে ১৩ হাজার ২শ’ গ্রামের বিভিন্ন সড়ক ও কৃষি খামার পানির নীচে রয়েছে।’
খবর বাসসের।