সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘‘জাতীয় মহাসড়কে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন, করিমন, লেগুনার বেপরোয়া চলাচলের কারণে অহরহ দুর্ঘটনা ঘটেছে। এতে চালক-হেলপার ছাড়াও যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটেছে।’’
মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস এবং ফোরলেনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘সাড়ে তিন হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক ছাড়া দেশের বাকি আড়াই লাখ কিলোমিটার সড়কে এসব যান চলাচলে কোন বাধা নেই। শহরেও এসব বাহনের চলাচলে সরকার বাধা দিচ্ছে না। জাতীয় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তা বহাল থাকবে।’
তিনি আরো বলেন, ‘অনেকে না বুঝে বিকল্প ব্যবস্থার কথা বলেন, বিকল্প ব্যবস্থার নামে যাত্রীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে জীবিকার দাবি অর্থহীন। তাই বেঁচে থাকার প্রশ্নে এ বিষয়ে কারো সঙ্গে আলোচনায় বসার কোন প্রয়োজন নেই।’
মন্ত্রী বলেন, ‘জাতীয় মহাসড়কে গত এক সপ্তাহে দৃশ্যমান কোন দুর্ঘটনা ঘটেনি। তাই সরকারের এ পদক্ষেপ যে কোন মূল্যে সফল করতে হবে।’
এ সময় ফোরলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আবদুস সবুর, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবিব আহমেদ, সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেনের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাছুম সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।