রাজশাহী মহানগরীর ভুগরইল কালুর মোড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূ মর্জিনা খাতুনের (৫০) স্বামী কোরবান আলী পলাতক রয়েছেন।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত মর্জিনার ছেলে হাসান জানান, তার বাবার একাধিক স্ত্রী থাকার সংসারে বিবাদ লেগেই থাকতো। এ নিয়ে প্রায়ই মাকে বাবা মারপিট করতেন।
তার দাবি, সোমবার রাতে মাটিকাটা কোদাল দিয়ে পিটিয়ে তার বাবা তার মাকে হত্যা করেছে।
পুলিশেরও ধারণা, পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে।
নগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় তিনিই হত্যায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’