বন্যায় বিপর্যস্ত মিয়ানমার ত্রাণ সাহায্যের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বন্যায় দেশটিতে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মিয়ানমারে প্রায় দুই লাখ ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বছর মৌসুমি বৃষ্টিপাতে দেশটিতে ব্যাপক ভূমিধ্বস হয়েছে। সেখানকার চারটি এলাকাকে দুর্যোগ কবলিত বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্যার পানিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার্তদের সহায়তায় যথাযথ পদক্ষেপ নিতে না পারার কথাও স্বীকার করেছে দেশটির সরকার।
IMG0
বর্ষার অতিবৃষ্টিতে দেশটিতে প্রতি বছরই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এ বছরের অবস্থা অন্যান্য বছরের তুলনায় বেশ খারাপ। দেশের বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সরকারের নির্দেশনা জনগণের কাছে পৌঁছুচ্ছে না। এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে।
তবে মিয়ানমার সরকারের এই ত্রাণ সাহায্যের আহ্বানকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০০৮ সালে সাইক্লোন নার্গিস ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও বিদেশি সাহায্য নিতে অস্বীকার করেছিল মিয়ানমার। তখন মিয়ানমারে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় থেকে সোমবার তাদের ফেসবুক পেজে জাতিসংঘসহ বিভিন্ন দাতা দেশের প্রতি সাহায্যের জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও মঙ্গলবার দেশটির বিভিন্ন সংবাদপত্রে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে। সূত্র: বিবিসি