কালাইয়ে ভুয়া ডাক্তারের ছড়াছড়ি
তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে নিজের নামে প্যাড ছাপিয়ে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের সঙ্গে চিকিত্সাসেবার নামে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমান শত শত লাইসেন্সবিহীন নামধারী ডাক্তার চেম্বার দিয়েছেন। আবার অনেকে নিজেই ডাক্তার সেজে ফার্মেসি দিয়ে বসে আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কালাই পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা, থানামোড়, হাসপাতাল এলাকা, পাঁচশিবাজার, সিনেমা হল মোড়, আঁওড়াবাজার এবং উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরাবাজার, শাইলগুনহাট, মাত্রাইহাট, কুশুমসাড়া, বিয়ালাহাট, ছত্রগ্রামবাজার, গাড়ুইলবাজার, উদয়পুর ইউনিয়নের বৈড়াগীহাট, মোসলেমগঞ্জহাট, নুনুজবাজার, পুনট ইউনিয়নের শান্তিনগরবাজার, বাইগুনি বাজার, পুনটহাট, পাঁচগ্রামবাজার, জিন্দারপুর ইউনিয়নের বাদাউচ্চ, মোলামগাড়ীহাট, মহেশপুরহাট, করিমপুরবাজার এবং আহম্মেবাদ ইউনিয়নের হারুনঞ্জাবাজার, হাতীয়রবাজারে শত শত লাইসেন্সবিহীন নামধারী ডাক্তার চেম্বার দিয়ে বসে আছেন। তারা ডিজিটাল ব্যানার ও চটকদার বিজ্ঞাপন দিয়ে নিজের নামে প্যাড ছাপিয়ে নামের আগে “ডাক্তার” লিখে বিভিন্ন ডিগ্রি দেখিয়ে এলাকার অশিক্ষিত ও নিরীহ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন।
কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কালাই উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, এই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভুয়া ডাক্তারদের সংখ্যা বেড়ে গেছে। আর সেই সঙ্গে লাইসেন্সবিহীন ফার্মেসি ব্যবসায়ীরা প্রেসক্রিপশন ছাড়া নিম্নমানের ওষুধ বিক্রি করে ক্রেতাদের কাছ থেকে দ্বিগুণ অর্থ আদায় করছেন। এতে করে রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিঠুন সরকার বলেন, অনভিজ্ঞ হাতুড়ে ডাক্তার দ্বারা চিকিত্সা নিলে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে। ভুল এন্টিবায়োটিক সেবনের ফলে ডায়াবেটিক, হদরোগ ও কিডনি রোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। প্রায়ই দেখা যায়, রোগীরা হাসপাতালে আসার আগে হাতুড়ে ডাক্তারদের ওষুধ খেয়ে রোগ জটিল করে আমাদের কাছে আসে।
কালাই উপজেলায় ভুয়া ডাক্তার থাকার কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর আহমেদ বলেন, ন্যূনতম এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ব্যতীত বা বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন ও ছাড়পত্র ছাড়া কেউ ডাক্তার পদবী লিখতে বা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবে না। এরপরও কোনো ব্যক্তি যদি নামের আগে ডাক্তার লিখেন বা কোনো রোগীকে চিকিত্সা দেন তাহলে তা হবে অপরাধ।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আফাজ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।