ভারতের লোকসভার ২৫ জন কংগ্রেস দলীয় সাংসদকে পাঁচ দিনের জন্য বরখাস্তের প্রতিবাদে কংগ্রেসসহ নয়টি বিরোধী দল মঙ্গলবার লোকসভার অধিবেশন বয়কট করেছে।
অধিবেশন বর্জনকারী অন্য দলগুলো হল- তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই, জেডি (ইউ), আরজেডি, এনসিপি, আরএসপি, মুসলিম লীগ ও আম আদমি পার্টি।
গতকাল সোমবার স্পিকার সুমিত্রা মহাজন পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কংগ্রেসের মোট ৪৪ জন সদস্যের মধ্যে ২৫ জনকে পাঁচ দিনের জন্য বরখাস্ত করেন।
কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভা সদস্যরা পার্লামেন্ট ভবন চত্বরে স্পিকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা কালো পতাকা হাতে অভিযোগ করেন যে স্পিকার সরকারের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন।
পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেন, লোকসভা থেকে তার দলের সদস্যদের বহিষ্কার অগণতান্ত্রিক এবং এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সংসদ চালানোর দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়।
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, কংগ্রেস সব সময় চেয়েছে পার্লামেন্টের উভয় কক্ষই সচল থাকুক। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে সাবেক আইপিএল প্রধান ললিত মোদী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ‘ব্যাপাম’ কেলেঙ্কারিতে সহায়তা করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। রাহুল গান্ধী বলেন, তারা পদত্যাগ না করা পর্যন্ত তার দল তাদের পদত্যাগের দাবি করে যাবে। সূত্র: এনডিটিভি