ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা বাড়ছে। গতকাল মঙ্গলবার বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে দুই দেশের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। কে প্রথম গুলি চালিয়েছে তা নিয়ে দুই দেশ পূর্বের মতো একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। গত ১০ জুলাই রাশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার পর এ নিয়ে কয়েকবার সীমান্তে উত্তেজনার সৃষ্টি হলো। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, লাইন অব কন্ট্রোলে যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী।
ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে গতকাল জানানো হয়েছে, কোনো উস্কানি ছাড়াই সুখিয়াল গ্রামের পুখলিয়ান এবং বাজওয়াত সেক্টরে হামলা চালায় ভারতীয় সেনারা। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পরে পাকিস্তানি সেনারাও পাল্টা জবাব দেয়। ২০০৩ সালে দুই দেশের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এরপর বহুবার সেই চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যদিও কেউই এর দায় স্বীকার করেনি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়েছে। পাকিস্তান এ নিয়ে ভারতের কাছে প্রতিবাদও জানিয়েছে।