সাতকানিয়ায় ১২ দিন ধরে ২২ গ্রামে বিদ্যুত্ নেই

জেলায় সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২২ গ্রামে বিদ্যুত্ না থাকায় অন্ধকারে রয়েছে। কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ ম্যাঙ্গাপাড়া, ধর্মপুর ইউনিয়নের কুন্ডুরকুল, আলমগীর, বাজালিয়া ইউনিয়নের কমিরাপাড়া, পুরানগড় ইউনিয়নের চৌধুরীপাড়া ও হোতমে আজিজ মেডিক্যালের আশপাশের এলাকা, আমিলাইশ ইউনিয়নের পূর্ব ডলু, পশ্চিম ডলু ও হিলিমিলি, নলুয়া ইউনিয়নের ঘাসিপাড়া, চরতি ইউনিয়ন, কেওচিয়া ইউনিয়নের তেমোহনী আংশিক, সোনাকানিয়া ইউনিয়নের আলুর ঘাট, হাতিয়ার পুল, হালদার কুল, ডেপুটিপাড়া, রঙ্গিপাড়া, হাতিয়ার কুল, ছোট হাতিয়া, জমাদারপাড়া, কালা মিয়া বাপেরপাড়া, সায়ের তলী, আছার তলী, তাঁতিপাড়া, ডিলারপাড়া, কুতুবপাড়া ও চৌধুরীপাড়া এলাকায় বন্যার পানির কারণে বিদ্যুত্ না থাকায় অন্ধকারে রয়েছে।

 

যোগাযোগ করা হলে কেরানীহাট পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম আবুল বশর বলেন, কিছু কিছু এলাকায় এখনো বন্যার পানি থাকায় বিদ্যুত্ চালু করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, অধিকাংশ এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে যা পানি না নামলে মেরামত করা সম্ভব নয়। ইতিমধ্যে অনেক এলাকায় বিদ্যুত্ চালু করা হয়েছে। লোহাগাড়া পল্লী বিদ্যুত্ অফিসের ডি জি এম শামীম খান জানান, বিদ্যুত্ লাইনের খুঁটি ভেঙে যাওয়ায় গ্রাহকদের বিদ্যুত্ পেতে একটু বিলম্ব হচ্ছে।