বরিশাল সিটি করপোরেশনের মনোগ্রামে ধানের শীষ যুক্ত করা এবং অনেক কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করায় নগর ভবনের প্রধান প্রকৌশলী খান মো: নুরুল ইসলামকে শোকজ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকালে বিধি-বহির্ভূতভাবে এ কাজ করায় তাকে শোকজ করা হয় বলে নগর ভবন সূত্র জানিয়েছে।
বিসিসি সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনে পূর্বের বরখাস্ত হওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে যোগদান করানোর পর তাদের মধ্যে অনেকের চাকরি খান মোঃ নুরুল ইসলাম স্থায়ী করে দেন। অপরদিকে করপোরেশনের মনোগ্রাম রদবদল করে ধানের শীষ যুক্ত করার বিষয়ে গত ৮ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল দে’র নেতৃত্বে একটি তদন্ত টিম অনুসন্ধানে আসেন। মনোগ্রাম রদবদলের বিষয়টি রেজুলেশন করা হলেও মন্ত্রণালয়ের কাছে গোপন রাখার অভিযোগ তোলা হয়েছে খান নুরুল ইসলামের বিরুদ্ধে। গত ২৩ জুলাই মন্ত্রণালয় থেকে প্রেরণ করা শোকজ নোটিসের ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিস পেয়েই নুরুল ইসলাম ঢাকায় চলে যান। গতকাল তাকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।