মহাসড়কে তিন চাকার অটোরিকশাসহ সব ধরনের অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করার জের ধরে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। তিনচাকার যান চলাচল না করায় অনেক স্থানে অঘোষিত হরতালের মত পরিস্থিতি তৈরি হয়। দূরপাল্লার বাস চলাচল করলেও কাছের যাত্রীদের চলাচলের কোন বাহন ছিল না। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টির খবর পাওয়া গেছে।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোন অটোরিকশা চলাচল না করায় অনেকটা অঘোষিত হরতালের মত পরিস্থিতি তৈরি হয়। সড়ক ফাঁকা হয়ে যায়। কিছু দূরপাল্লার বাস চলাচল করলেও কাছের যাত্রীদের চলাচলের কোন বাহন না থাকায় সড়কের দুই পাশে হাজার হাজার যাত্রীকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেকে ট্রাক যোগে গন্তব্যে যান। ভুক্তভোগী বড়হাতিয়া মালপুকুরিয়া মাদ্রাসার শিক্ষিকা ইসমত আরা বেগম জানান, সিএনজি বন্ধ হওয়ায় আলুরঘাট দিয়ে মাদ্রাসায় আসতে দেড় ঘণ্টা সময় লাগছে।
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কর্ণফুলী ব্রিজের টোল কমানো ও মহাসড়কে সিএনজি অটো রিকশা-অটোটেম্পো বন্ধের প্রতিবাদে গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম অটোরিক্সা অটো শ্রমিক ইউনিয়ন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, রাস্তায় মানববন্ধন ও সমাবেশের কারণে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে অটো সিএনজি চলাচলের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা শহরে সিএনজির মালিক, চালক ও পরিবহন শ্রমিকরা বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে সমাবেশ হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, সিএনজি অটোরিকশা চালক সমিতি ও মালিক সমিতির উদ্যোগে গতকাল শমশেরনগর চৌমুহনা, কমলগঞ্জ উপজেলা চৌমুহনা ও মুন্সীবাজার চৌমুহনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, কমলগঞ্জের সর্বত্র সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ, রোগী, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চাকরিজীবীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ঢাকা-খুলনা মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের প্রতিবাদে গতকাল মধুখালী রেলস্টেশন চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর প্রতিনিধি জানান, মহাসড়কে থ্রি-হুইলার গাড়ি, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি চালুর দাবিতে গতকাল রংপুরে দিনভর বিক্ষোভ করেছে মালিক ও চালকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা জানান, বাকেরগঞ্জের বোয়ালিয়ায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে টম-টম ও ইজি-বাইক চালকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল শত শত অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক-মালিক দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা পর থেকে সারা দেশের ন্যায় কুমিল্লাও চলছে পুলিশের অভিযান। পুলিশী অভিযানের সঙ্গে ভ্রাম্যমান আদালতও সক্রিয় রয়েছে। তারপরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম কুমিল্লা অংশে থেমে নেই থ্রি-হুইলারের চলাচল।
গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আসার সংবাদে মহাসড়কে পুলিশের তত্পরতা বৃদ্ধি পায়। মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা যাতে মন্ত্রীর নজরে না আসে সেজন্য হাইওয়ে ও জেলা পুলিশের অভিযান চলে প্রায় দুই ঘন্টা। কিন্তু তাতেও শতভাগ সফল হয়নি পুলিশ। এদিকে অটোরিকশা চালক ও যাত্রীদের ক্ষোভ বাড়ছে।