২২ শ্রাবণে সাদি মোহাম্মদ

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহম্মদ। আগামীকাল ২২ শ্রাবণ রবীন্দ্র মহাপ্রয়াণ উপলক্ষে ব্যস্ত সময় পার করবেন তিনি। কেননা সারাবছর যারা রবি ঠাকুরের খবর রাখেন না তারও এই দিনটিতে তার গান শুনতে চান। ২২ শ্রাবণ উপলক্ষে বেশ কয়েকটি টিভি চ্যানেলের বিশেষ আয়োজনে দেখা যাবে তাকে। তাছাড়া বাংলা একাডেমিতে রবি ঠাকুরের মহাপ্রয়াণ উপলক্ষে একটি নিয়মিত অনুষ্ঠানেও গান করবেন সাদি মোহাম্মদ। বিশেষ দিবস উপলক্ষে রবীন্দ্রনাথের অনুষ্ঠান দেখা গেলেও সারাবছর অনুষ্ঠানগুলো প্রচারের বাইরেই থাকে। এ প্রসঙ্গে সাদি মোহাম্মদ বলেন, ‘এটা বড় কষ্টের আমি সারাবছর রবীন্দ্রনাথকে নিয়েই থাকি, কিন্তু যারা রবি ঠাকুরকে সর্বস্তরের জনগণের সামনে তুলে ধরবেন তারা শুধু ২২  শ্রাবণ আর ২৫ বৈশাখেই রবি ঠাকুরের খোঁজ নেন। আর তাই সারাবছর রবি ঠাকুরের প্রোগ্রাম হলেও সবাই সেটা জানতে পারেন না। আমরা ঋতু ভিত্তিক অনেক প্রোগ্রামসহ প্রতি দুই মাস অন্তর অন্তর রবি রাজকে নিয়ে অনুষ্ঠান করে থাকি। রবি রাজকে ভালোবাসি বলেই আমি অন্তত চাই আমার মতো দেশের প্রতিটি মানুষ রবি রাজকে জানুক, আর তাকে জানতে হলে তার গান শুনতে হবে।’ চলতি সময়ে নিজস্ব কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এর মাঝখানে পঞ্চকবির গানের কাজ শেষ করেছেন। যেহেতু সামনে কোনো উত্সব নেই, তাই যেকোনো উত্সব ছাড়াই সেটা প্রকাশ করা হবে।