মানিকগঞ্জের শিবালয়ে গণেশের মূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হচ্ছে-শিবালয় পয়লা গ্রামের ওহেদ শেখের পুত্র আলমগীর শেখ (৪২), মোন্তাজ ব্যাপারীর পুত্র চাঁন মিয়া ওরফে হামেদ ব্যাপারী (৬০) সাটুরিয়ার গোলড়া পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর পুত্র ইমাইল হোসেন (৩২), ফজর আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৭) ও ধানকোড়া দাসপাড়া গ্রামের মন্টু সরকারের পুত্র রঞ্জিত সরকার (৩৫)।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, র্যাবের একটি দল বাসাইল গ্রামের ছবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে পিতলের তৈরি দুইটি গণেশ মূর্তি উদ্ধার ও পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে আলমীর হোসেন ওরফে চতু একাধিক মামলার আসামি।