মাগুরায় বসতঘর ভস্মীভূত, দগ্ধ এক

মাগুরা প্রতিনিধি

 মঙ্গলবার ভোরে মাগুরায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়ে একজন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ উত্তম কুমার শিকদারকে (৪৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। মাগুরা সদর উপজেলার আলমখালীতে উত্তম কুমার শিকদারের বাড়িতে মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মালামালসহ সেমিপাকা টিনের ঘরটি মালামালসহ আগুন পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা উত্তম কুমার শিকদার দগ্ধ হন।

মাগুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এমদাদুল হক জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা।

মোরেলগঞ্জে দোকান

পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোরেলগঞ্জে সোমবার রাতে অগ্নিকাণ্ডে একটি দোকানঘর ভস্মীভূত হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার কালিকাবাড়ি গ্রামের মুদি-মনোহারী ব্যবসায়ী আ. রাজ্জাক শেখের দোকানটি আগুনে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি-শ্রেনীখালী সড়কের মধ্য কালিকাবাড়ি কালভার্ট সংলগ্ন ব্যবসায়ী আ. রাজ্জাক শেখ প্রতিদিনের মত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত ৪টার দিকে এক ভ্যানচালক যাত্রী নিয়ে ওই পথে যাবার সময় দোকানে আগুন দেখে ডাক-চিত্কার করলে দোকান মালিকসহ স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মালামালসহ পুরো দোকানঘরটি পুড়ে ছাই হয়ে যায়।