আদালত অবমাননার অভিযোগে দেয়া কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যার দিতে আগামী রবিবার পর্যন্ত সময় পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননা বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করে ১২ জুলাই আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত ২২ জুলাই বিষয়টির ব্যাখ্যা দেয়ার জন্য ধার্য ছিল। ঐদিন সময়ের আবেদন জানান তিনি। আবেদন গ্রহণ করে ব্যাখ্যা দাখিলের দিন পিছিয়ে আজ দিন ধার্য করা হয়েছিল।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা আজ আবার সময়ের আবেদন করেন। এ সময় তিনি বলেন, এই মামলায় সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার অসুস্থ। তাই সময় চাওয়া হচ্ছে। শুনানিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল-২ বিষয়ে নানা মন্তব্য করায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গত ৬ জুলাই আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন দাখিল করেন তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ।