পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পরিবেশ নিয়ে দেশের জনগনের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে উল্লেখ করে বলেছেন, এখন দেশের মানুষ বায়ু দূষণ, পানি দূষণ এবং বর্জ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো নিয়ে কথা বলছে। তিনি বলেন, উন্নত দেশ থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি ঠিকই কিন্তু আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। এ জন্য সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। বুধবার ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার, বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ (বিসিএএস) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
ডেইলি স্টারের সেমিনার রুমে আয়োজিত ওই সেমিনারের বিষয়বস্তু ছিলো ‘ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট—চ্যালেঞ্জ ফর বাংলাদেশ।’
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ই-ওয়েস্ট ম্যানেজমেন্টে ধারণা আমাদের দেশে নতুন। তবে এটি এখন একটি গুরুত্বপূর্ন বিষয়। দিন দিন এ সমস্যা বড় হচ্ছে। তবে সবকিছুর দায়দায়িত্ব সরকারের একার নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, উন্নত দেশগুলো আমাদের মতো দেশের সমস্যা নিয়ে ওয়াকিবহাল নয়। তারা এসে আমাদের সমস্যার সমাধান করে দিয়ে যাবে না। আমাদের মনে রাখতে হবে উন্নত দেশগুলোরও নানা এজন্ডা থাকে। তাদের উন্নয়ন এবং উত্পাদন বন্ধ রেখে আমাদের সহায়তা করতে পারে না।
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, সারাবিশ্বের পরিবেশ দূষণের জন্য আমরা তিন শতাংশেরও কম দায়ী। উন্নত দেশগুলো পরিবেশ দূষণ করছে সবচেয়ে বেশি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের জাতীয় বাজেট বেড়ে তিন লাখ কোটি টাকা। কিন্তু সে তুলনায় পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট আগের মতোই আছে।
তিনি বলেন, আমাদেরকে আমাদের সমস্যাগুলো নিজস্ব পদ্ধতিতে সমাধান করতে হবে। যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো চিন্তা করলে হবে না। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি অনেক ক্ষেত্রে ব্যাক্তি উদ্যোগে করা হয়। এ ক্ষেত্রে সেসব উন্নত দেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমাদের দেশেও বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যক্তি খাতকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইসিসিসিএডির পরিচালক ড.সালিমুল হক এবং ডেইলি স্টারে ডিফেন্স এবং স্টা্রাটেজিক এডিটর ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান।