ভারতে পাচারকালে কিশোরী উদ্ধার, আটক-২

 
কক্সবাজারের টেকনাফের এক কিশোরীকে খুলনা সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। পাচারকারীরা তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে খুলনায় নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সে টেকনাফ মহেষখালীয়া পাড়া গ্রামের বাসিন্দা।
 
বুধবার দুপুরে টেকনাফ মহেষখালীয়া গ্রাম থেকে ওই কিশোরীকে পাচার চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া গ্রামের রহিম উল্লাহ প্রকাশ পুতিয়া(২২) ও তার ভাই সাদ্দাম হোসেন (৩০)। আটকের বিষয়টি টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার নিশ্চিত করেছেন।
 
মো. আতাউর রহমান খোন্দকার জানান, কিছুদিন আগে টেকনাফের মানব পাচার চক্রের সদস্যরা ওই কিশোরীকে জিম্মি করে কক্সবাজারের বিক্রি করে দেয়। পরে কক্সবাজার পাচারকারীরা তাকে চট্টগ্রাম পাচার চক্রের হাতে বিক্রি করে দেয়। সেখান থেকে তাকে ভারতে পাচারের জন্য খুলনা সীমান্তে নিয়ে যাওয়া হয়। অবশেষে বুধবার টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় সীমান্ত থেকে তাকে উদ্ধার করে খুলনা পুলিশ।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত টেকনাফের দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।