ব্রাজিল আগামী পাঁচ সেপ্টেম্বর নিউ জার্সিতে কোস্টারিকার বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশ নেবে। দেশটির ফুটবল কনফেডারেশন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রেড বুল অ্যারেনাতে এই ম্যাচটির তিনদিন পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে আরেকটি প্রীতি ম্যাচে অংশ নিবে কোচ কার্লোস দুঙ্গার দল। ২০০৪ সালের পর ব্রাজিল-কোস্টারিকা একবারই মুখোমুখি হয়। ২০১১ সালে সান জোসেতে ওই লড়াইয়ে নেইমারের একমাত্র গোলে ১-০ গোলে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল গত বছর নিজেদের মাঠে বিশ্বকাপে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ালেও সম্প্রতি ফের ব্যর্থতার মধ্যে পড়েছে দলটি। এর মধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় তাদের। এদিকে, আসন্ন প্রীতিম্যাচে ব্রাজিলের বিপক্ষে ভালো করার লক্ষ্য কোস্টারিকারও। ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে গত ১১ ম্যাচে প্রথম জয় নিশ্চিত করতে চায় তারা। যদিও সদ্য সমাপ্ত কনকাকাফ গোল্ড কাপে প্রায় অপরাজিতই ছিল কোস্টারিকা। কোচ পাওলো ওয়ানচোপের দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের সবক’টিতেই ড্র করে। প্রতিযোগিতার নক-আউট পর্বেও মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে যায় ১২০ মিনিট পর্যন্ত। যদিও আন্দ্রেস গুয়ের্দাদো বিতর্কমূলক পেনাল্টি থেকে গোল করলে পরাজয় নিশ্চিত হয় কোস্টারিকার। বিতর্কমূলক ওই গোলটি কনকাকাফের রেফারিং বিভাগের পর্যালোচনার মধ্যে রয়েছে।
ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কোস্টারিকা নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সর্বশেষ জয় পেয়েছিলো গত অক্টোবরে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে। এরপর থেকেই এখন পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি দলটি। এমন অবস্থায় ব্রাজিলের বিপক্ষে নিজেদের অবস্থানটা যাচাই করতে চান কোস্টারিকার কোচ ওয়ানচোপ। তিনি বলেন, ‘সেরাটা দলের সঙ্গে মুখোমুখি হওয়াটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা কোথায় অবস্থান করছি তা জানার জন্য এটাই সবচেয়ে ভালো পরিমাপক। ম্যাচটিতে ভালো করতে দলের প্রত্যেক খেলোয়াড়ই উন্নতির দিকে মুখিয়ে রয়েছে। আসন্ন প্রীতি ম্যাচটি দুই দলকেই ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতিতে সহযোগিতা করবে। আগামী অক্টোবরে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু করবে।