চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রী তহমিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী আকাশ ওরফে মিঠুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি আকাশ জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

মামলার বিবরণে প্রকাশ, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদ জুম্মা গ্রামে বাবার বাড়িতে ২০১৬ সালের ১৪ জুলাই রাতে খুন হন তহমিনা। তহমিনা খুনের ঘটনায় বাবা সবদ আলী বাদী হয়ে জামাতা আকাশকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

সদর থানার এসআই মাসুদ পারভেজ তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর আকাশ ওরফে মিঠুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।