গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় বৃহস্পতিবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম শামীম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন পাচা হাজার এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, ভোররাতে একদল ডাকাত উপজেলার নামিলা মকবুলের জামালের বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টের পেয়ে এলাকাবাসী সেখানে ঘেরাও করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া কালিগঞ্জ ময়মনসিংহের পাগলা থানায় ১৫/১৬টি মামলা রয়েছে। লাশের গলায় একটি পিতলের লাইট ঝুলানো ছিল।