খুলনায় পৈশাচিক নির্যাতনে নিহত শিশু শ্রমিক রাকিব (১৩) হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক ওমর শরীফের মা বিউটি বেগমে (৪৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার সেকেন্ড অফিসার এসআই কাজী মোস্তাক আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আসামি বিউটি বেগমকে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তা প্রহরায় মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে এনে রাকিব হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
রিমান্ড শুনানির সময় বাদি পক্ষে আদালতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মােটরস নামক একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে শিশু রাকিবের পায়ুপথে কম্প্রেশার মেশিন দিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৩ আগস্ট নিহত রাকিবের পিতা নূরুল আলম বাদি হয়ে গ্যারেজ মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু খানকে আসামি করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তিন আসামিকেই পুলিশ গ্রেফতার করেছে। তবে শরীফ ও মিন্টু গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুলিশ তাদের রিমান্ডের আবেদন করেনি। সুস্থ হলে তাদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।