সংবাদ সংক্ষেপ

 

পান চাষিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পিরোজপুর অফিস নিরাপদ পান উত্পাদন প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার ৬০ জন কৃষককে দুই দিনের প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত প্রশিক্ষণের শুরুতে নির্বাচিত কৃষকরা দলভুক্ত হয়ে নিজেরা পান চাষের সমস্যা নিরূপণ করেন এবং সে অনুযায়ী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির এবং অতিরিক্ত কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা।

নরসিংদীতে বাংলাদেশের সংবিধান বিষয়ক সেমিনার

নরসিংদী প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিষয়ক দুটি সেমিনার নরসিংদীতে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় নরসিংদী সদর উপজেলার মাধবদী গার্লস হাই স্কুল এন্ড কলেজে এবং দ্বিতীয় সেমিনারটি হয় নরসিংদীর ইউনাইটেড কলেজে। সংবিধান পাঠের প্রয়োজনীয়তার উপর মূল বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক নূহু আব্দুল্লাহ। সেমিনার দুটিতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, মাধবদী গার্লস হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক তাহমিনা সিদ্দিকি ও আ. ওয়াদুদ।

কমলগঞ্জে গণতান্ত্রিক মহিলা সমিতির সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ও পহেলা মে দিবস পালন উপলক্ষে কমলগঞ্জের কালেঙ্গায় গণতান্ত্রিক মহিলা সমিতির সভা অনুষ্টিত হয় সোমবার। গণতান্ত্রিক মহিলা সমিতি কালেঙ্গা আঞ্চলিক কমিটির উদ্যোগে কালেঙ্গাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। গণতান্ত্রিক মহিলা সমিতি কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি দেলোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া ও সম্পাদক দুলাল মিয়া। সভায় বক্তব্য রাখেন, কাঞ্চন বেগম, সুফিয়া বেগম, ফুলবানু বেগম, জান্নাত বেগম প্রমুখ।

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায়

নোয়াখালীতে দোয়া

নোয়াখালী প্রতিনিধি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌরসভা, সদর উপজেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ সব কর্মসূচির আয়োজন করে। সোমবার বাদ জোহর পৌরসভা মিলনায়তনে, জেলা জামে মসজিদে, বাদ আছর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে এবং বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বাদ জোহর জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় তার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা স্কাউটসের সভা

জয়পুরহাট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা সোমবার কালেক্টরেট চত্বরে জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়। জয়পুরহাট কালেক্টরেট চত্বরে অবস্থিত জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। কাউন্সিলের শুরুতেই শোক প্রস্তাবসহ সম্পাদকীয় প্রতিবেদন, বাস্তবায়িত প্রোগ্রাম ও অডিট রিপোর্ট পেশ করা হয়। কাউন্সিল সভায় স্কাউটিং কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সহকারী কমিশনার নন্দলাল পার্শী, জেলা রোভারের সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, পাঁচবিবি উপজেলা স্কাউট সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, সদর উপজেলা সম্পাদক হাসানুজ্জামান, কালাই উপজেলা সম্পাদক আব্দুল মনায়েম, ক্ষেতলাল উপজেলা সম্পাদক আব্দুল মোত্তালেব প্রমুখ। এরপর আগামী ৩ বছরের জন্য  নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু জয়পুরহাট জেলা স্কাউটসের সম্পাদক পদে নির্বাচিত হন। জেলা স্কাউটসের অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন— সহ-সভাপতি পদে পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবীর, স্কাউটার শান্তি দেওয়ান ও সাবেক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সম্পাদক পদে রেহেনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ পদে আজিজার রহমানসহ ৩৪ সদস্য বিশিষ্ট্য জেলা স্কাউটসের নির্বাহী কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে জেলা স্কাউট কমিশনার নিয়োগের জন্য সুপারিশ করা হয় কাউন্সিল সভায়। উল্লেখ্য, জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভাপতি থাকেন।

পিআইবি মহাপরিচালক শাহ্ আলমগীরের

মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্মরণসভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ্ আলমগীরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত  সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন— মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক মুতাছিম বিল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহাম্মদ আরজু, জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমীন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, কাউসার এমরান, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম ও সিনিয়র সদস্য আব্দুন নূর। সভায় বক্তারা বরেণ্য সাংবাদিক শাহ্ আলমগীরের সাথে নিজেদের স্মৃতিচারণ করে বলেন, শাহ্ আলমগীর একজন আপাদ মস্তক সাংবাদিক ছিলেন। তার রন্ধ্রে রন্ধ্রে ছিল সংবাদ ও সাংবাদিকতা। কীর্তিমান এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়।