বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৫টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- প্রাক্তন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন। 
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
 
পুলিশ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চকলোকমান এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
এ সময় গোলাম রব্বানী এবং অধ্যাপক নাজিমুদ্দিন বাসাতেই ছিলেন। প্রায় এক ঘণ্টা তিন জামায়াত নেতার বাসায় তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ৩৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে, আরেক জামায়াত নেতা মাওলানা আবদুল হক বাসায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
গ্রেফতারকৃতরা নাশকতার জন্য তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।