‘ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের ব্যাপারে পদক্ষেপ’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। শুধু থ্রি-হুইলারের জন্য দুর্ঘটনা হয় তা নয়, বেপোরোয়া ড্রাইভিংও দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে ফেনীর ফাজিলপুরে ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীরা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং দুর্ভোগে না পড়েন সে জন্য ফোর-লেনের পাশে বাই-লেন নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, কুমিল্লার প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান সিবিব, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।