‘সরকার এমডিজি লক্ষ্যমাত্রা পূরণে সাফল্য অর্জন করেছে’

জাতিসংঘের সহস্রাব্ধ লক্ষ্যমাত্রা নির্ধারণে নারীর ক্ষমতায়ন, শিশুমৃত্যুরোধ, মাতৃমৃত্যুরোধ, কন্যাশিশুদের শিক্ষার বিষয়সহ প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অজর্ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এসব লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ্য হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জ উপজেলার এক অডিটরিয়ামে বাংলাদেশ পার্লামেন্ট সেক্রেটারিয়েট এবং ইউএনএফপিএ বাংলাদেশের আয়োজনে বাল্যবিবাহ রোধ ও মাতৃমৃত্যুর হার কমানোর উপর দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা অংশ নেয়।
 
তিনি আরো বলেন, সম্মিলিত উদ্যোগে দেশে বাল্যবিবাহ রোধ করে শিশুমৃত্যুহার ও মাতৃমৃত্যুর হার কমাতে হবে। এটি সরকারের সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
 
স্পিকার বলেন, বিশ্বে ‘বাল্য বিবাহ' সমস্যায় বাংলাদেশের অবস্থান এক নম্বরে। সরকার বাল্য বিবাহ রোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। নারীদের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা উপর জোর দেয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছে।
 
এ সময় পার্লামেন্টরী বোর্ড এসোসিয়েশনের সিনিয়র সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া, রংপুর-২(বদরগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল চৌধুরী ডিউক, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক অ্যাড. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, চেয়ারম্যান সমিতির সভাপতি শাহ সালেক, মহিলা লীগের সম্পাদক মাহমুদা বেগম।