পুঁজিবাজারে বৃহস্পতিবার কিছুটা দর সংশোধন হয়েছে। টানা ৫ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৯৬ পয়েন্ট বাড়ার পর গতকাল ৯ পয়েন্ট কমেছে। ডিএসইতে সূচক সামান্য কমলেও লেনদেন অনেক কমে গেছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম। বাজারে শেয়ারদর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল বিমা খাত। জীবন বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে ৩ শতাংশ। আর সাধারণ বিমা কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে ২ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২১৩ কোটি ৮৩ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৪০ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।