প্রসঙ্গ :প্রশাসনিক পদে নিয়োগ

পত্রিকা মারফত জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ/উপাধ্যক্ষ/ প্রধানশিক্ষক /সহ-প্রধানশিক্ষক পদে পঁচিশ শতাংশ পদ শূন্য রয়েছে। যেখানে দীর্ঘদিন ধরে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের এসব প্রশাসনিক পদে নিয়োগের প্রচলিত ধারা পরিবর্তন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে সুপারিশ পাঠিয়েছে। সুপারিশমতে, মন্ত্রণালয় সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। কমিটির হাতে নিয়োগ থাকবে না।

আমি একটি হাই স্কুলে আট বছর ধরে ভারপ্রাপ্ত সহকারী প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। স্কুলে দীর্ঘ দিন ধরে পূর্ণাঙ্গ গভর্নিং বডি নেই। অ্যাডহক কমিটি থাকার কারণে আমি স্থায়ী নিয়োগ পাইনি। সুপারিশ বাস্তবায়িত হলে আমাকে পদ হারাতে হবে, যা আমার জন্য বিব্রতকর। আমার এক বন্ধু বারো বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনিও পদ হারানো ও সামাজিক মর্যাদা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এ অবস্থায়, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, দীর্ঘদিন ধরে যাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান ও সহ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন—অভিজ্ঞতা ও সামাজিক মর্যাদা বিবেচনা করে তাঁদের স্থায়ী করা হোক।

মো. মনিরুজ্জামান

২৭/এ আরিচপুর, মন্নুনগর, টঙ্গী, গাজীপুর