প্রতিবন্ধীদের হাতে যখন হাতকড়া

প্রতিবন্ধী শিশুরা আর আট-দশটা শিশুর থেকে আলাদা। তাদের সাথে সবসময় স্নেহ-মমতা দিয়ে ব্যবহার করাটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্রের কেনটাকিতে মানসিক ভারসাম্যহীন দুই শিশুকে পিঠমোড়া করে হাতকড়া পরানোয় সমালোচনার ঝড় উঠেছে। সেখানকার কাউন্টি শেরিফ, সহকারী শেরিফ ও স্কুলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ঐ দুই শিশুর মায়েরা। এছাড়া আমেরিকান সিভিল লিবারেশন ইউনিয়নের পক্ষ থেকেও কেন্দ্রীয়ভাবে একটি মামলা করা হয়েছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় গত বছর আট নয় বছর বয়সী ঐ দুই শিশুকে জোরপূর্বক পিঠমোড়া দিয়ে দুই হাতে হাতকড়া পরিয়েছেন পুলিশ কর্মকর্তারা। মামলায় বলা হয়, শেরিফ কর্মকর্তা কেভিন সামনার বেআইনিভাবে এবং জোরপূর্বক ঐ শিশুদের হাতে হাতকড়া পরান। এতে তারা হাতে প্রচণ্ড ব্যথা পায়। এছাড়া মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়ে।

 

ঐ দুই প্রতিবন্ধী শিশুর সাথে করা অমানবিক আচরণের একটি ভিডিওতে দেখা যায়, তাকে পিঠমোড়া দিয়ে হাতকড়া পরানো সময় হাতে ব্যাথা পেয়ে কেঁদে ফেলে ঐ শিশু। মামলায় ঐ ভিডিওটি প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়েছে। এসব শিশুরা কাউকে শারীরিকভাবে আঘাত না করলে তাদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার আহবান জানিয়েছে সরকার। মামলায় উল্লেখ করা হয়, ১৯৯০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের শতাধিক শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।-এবিসি নিউজ