প্রযুক্তি খাতেও শীর্ষ ধনী বিল গেটস

দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা ধনীদের তালিকায় রয়েছেন বিল গেটস। তবে এবার প্রযুক্তি খাতে শীর্ষ ১০০ ধনীর তালিকায়ও প্রথম স্থানটি দখল করেছেন মার্কিন এই ধনকুবের। শীর্ষ ধনীদের এই তালিকায় ৫১ জন অর্থাত্ অর্ধেকেরও বেশি মার্কিন নাগরিক। এশিয়া অঞ্চলের ৩৩ জন, ইউরোপের ৮ জন, মধ্যপ্রাচ্যের দুইজন এবং ল্যাটিন আমেরিকার একজন রয়েছেন এই তালিকায়। যাদের সম্পদের পরিমাণ ন্যূনতম ২ বিলিয়ন তারাই এই তালিকায় স্থান পেয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

 
প্রযুক্তি খাতের শীর্ষ ধনীদের ৪০ জনই আবার বসবাস করেন ক্যালিফোর্নিয়ায়। শীর্ষ ধনী বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৭৯.৬ বিলিয়ন ডলার। এখন থেকে ৪০ বছর আগে পল অ্যালেনের সাথে যৌথভাবে গড়ে তোলেন মাইক্রোসফট। বিশ্বের সব মানুষের কাছে কম্পিউটার পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে শুরু করা এই ধনকুবের গত বছর মাইক্রোসফটের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সারা বিশ্বের মানুষের জীবনমান উন্নয়নে মনোযোগ দিয়েছেন। প্রতি বছরই তিনি তার মাইক্রোসফটের শেয়ার বিক্রি করছেন। বর্তমানে মাইক্রোসফটে তার শেয়ার তিন শতাংশের কম। বর্তমানে তার আয়ের মাত্র ১৩ শতাংশ আসে মাইক্রোসফটের শেয়ার থেকে।
 

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ডাটাবেজ সফটওয়্যার ফার্ম ওরাকল’র প্রতিষ্ঠাতা লেরি এলিসন। তার মোট সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার। ৪৭.৮ বিলিয়ন সম্পদ নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বোজোস। ৪১.২ বিলিয়ন ডলার সম্পদের মালিক ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্কিন নাগরিক মার্ক জাকারবার্গ রয়েছেন শীর্ষ ধনীদের চতুর্থ অবস্থানে।