ভাঙ্গায় তিন স্কুলছাত্রীর শ্লীলতাহানি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের এক প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী এলাকার তিন বখাটের শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই তিন ছাত্রীর অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনাটি জানাজানির পর তা ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী দ্রুত ওই তিন বখাটের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার পর থেকে বখাটে আরিফ সেক, শরীফ সেক ও উত্তম সরকার এলাকা ছেড়ে পালিয়েছে। এদের সকলের বাড়ি ডাঙ্গারপাড় গ্রামে।

 

সূত্র জানায়, গত সোমবার স্কুলে পরীক্ষা শেষে ওই তিন ছাত্রী বাড়িতে ফেরার পথে তাদেরকে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে বখাটেদের শ্লীলতাহানির শিকার হয়। একপর্যায় তাদেরকে মারধর করলে এসময় ছাত্রীদের চিত্কারে স্থানীয় এক মহিলা এসে তাদের উদ্ধার করে। এসময় বখাটেরা ঘটনাটি প্রকাশ না করার জন্য তাদেরকে হুমকি দিয়ে পালিয়ে যায়। থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।