সরকারের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া :এরশাদ

মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় নিজের ঘরের বারান্দায় মা ও পেটের শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। যারা গুলি করেছে তাদের ফাঁসিও দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ মা নাজমা বেগম ও শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্তকালে তিনি এই দাবি জানান।

 
এরশাদ বলেন, মায়ের পেটের শিশুও নিরাপদ নয়, এটা আমরা ভাবতেও পারি না। আমরা কত বর্বর হয়ে গেছি। এই ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। মায়ের পেটে শিশু হত্যা চেষ্টায় যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাদের বিচার হবে কি-না জানি না। তিনি বলেন, কেন এই ঘটনা ঘটছে, মাদকাসক্তি না কী বিচারহীনতা? কারণ যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে বলে মনে হয় না।
 

‘বিচারহীনতার সংস্কৃতি’ নিয়ে হতাশা প্রকাশ করে এরশাদ বলেন, কারা এসব করছে তা আমরা জানি। যদি সুবিচার  হতো, তাহলে এর প্রকোপ অনেক কমে যেত। এই বিচারহীনতার জন্য দায়ী  কে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, বিচারহীনতার জন্য দায়ী সমাজ। এই সমাজ এরকম ছিল না। আমরা কখনো নিষ্ঠুর ছিলাম না। আমরা এখন আর মননশীল জাতি নই। এই সমাজের পরিবর্তন দরকার। ইনশাল্লাহ পরিবর্তন আসবে। হাসপাতালে এরশাদের সঙ্গে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, সৈয়দ আবু হোসেন বাবলা ও মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভাকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।