গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কপোতাক্ষ নদের দুই পাশের উপচে পড়া পানিতে ঝিকরগাছা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌরসভার পুরন্দরপুর, ছাদ্দামপাড়া, পঞ্চনগর, পায়রাডাঙ্গা এলাকার ৫০ ভাগ প্লাবিত হয়েছে। উপজেলার বাঁকড়া, সংকরপুর, পানিসারা, নির্বাসখোলা, শিমুলিয়া ইউনিয়নসমূহের ৬০ ভাগ ফসল বিনষ্ট হয়েছে। অনেকে ঘর-বাড়ি ছেড়ে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। কোথাও কোথাও ৫/৬ ফুট পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি বিদ্যালয়, মসজিদ পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে এলাকাগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও স্যানিটেশনের মারাত্মক অভাব। উপজেলার মাঠশিয়া, ঘোশালনগর, দিগদানা, বল্লা, মহিনীকাটী, সাদিপুর, নোয়ালী, বেজিয়াতলা, খাটবাড়িয়া, উজ্জলপুর, ছাদ্দামপাড়া, শিমুলিয়া গ্রামের শতকরা ৮০ ভাগ লোক মানবেতর জীবন-যাপন করছেন। ফলে দিনদিন দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। সরকারি ত্রাণের আশু প্রয়োজন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।