নরুন্দিতে তিস্তার বিরতি চাই

জামালপুর এলাকার লাখো মানুষ আমার মতো জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করছে। যাদের পক্ষে পরিবার নিয়ে ঢাকায় থাকা সম্ভব হয় না। যেহেতু আয় সীমিত এবং নিয়মিত বাড়িতে যেতে হয় সে কারণে বাসে চলাচল করার মতো আর্থিক সঙ্গতি অনেকের থাকে না। এ কারণে নিয়মিত বাড়িতে যাতায়াতের জন্য সহজ, স্বস্তিকর ও সাশ্রয়ী মাধ্যম হলো ট্রেন। ঢাকা-জামালপুর যাতায়াতের ক্ষেত্রে নরুন্দি স্টেশনটি অধিকতর সুবিধাজনক। কিন্তু সমস্যা হলো—এই স্টেশনে একটি মাত্র ‘কমিউটার ট্রেন’ থামে। বিপুল সংখ্যক যাত্রীর তুলনায় এই ট্রেন যথেষ্ট নয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে দীর্ঘ পথ জার্নি করতে হয় আমাদের। আবার যাত্রী বেশি হওয়ার সুযোগে এই ট্রেনেও চলছে কিছু অনিয়ম ও জুলুমবাজি। নির্দিষ্ট রেটের চেয়েও বেশি টাকায় টিকেট বিক্রি হলেও আসন পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই।

নরুন্দি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। আশেপাশের শলেরকান্দা, গোরাদাপ, তুলশিরচর মিলিয়ে প্রায় ৮ লাখ মানুষের যাতায়াতের কেন্দ্র এই নরুন্দি স্টেশন। ঢাকা থেকে জামালপুরগামী ইন্টারসিটি কয়েকটি ট্রেন চলাচল করলেও কোনো ইন্টারসিটি ট্রেন এখানে থামে না। সাশ্রয়ী ও নিরাপদ স্বস্তিদায়ক যাতায়াতের স্বার্থে নরুন্দি স্টেশনে অন্তত একটি ইন্টারসিটি ট্রেন থামলে নিম্ন আয়ের মানুষ যাঁরা নিয়মিত যাতায়াত করেন তাঁরা খুবই উপকৃত হবেন। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি।

মো. ফেরদৌস

মাঝপাড়া, নরুন্দিবাজার, জামালপুর