জেলার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সকল প্রকার মালবাহী জাহাজ থেকে পণ্য উঠা-নামা বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক অফিসের জায়গা দখলের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের নেতারা এ সিদ্ধান্ত নেয়।
এতে আশুগঞ্জ বন্দর থেকে ধান, চাল, রড, সিমেন্ট ও সার উঠা-নামাসহ বন্ধ রয়েছে।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গত ১৫ বছর ধরে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আশুগঞ্জ গোলচত্বরে একটি জায়গা দখল করে ভোগদখল করে আসছিল। হঠাৎ করে গত ৪/৫ দিন আগে আশুগঞ্জ শ্রমিকলীগ নামধারী কয়েকজন দুষ্কৃতিকারী আমাদের জায়গার উপর সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়। এর প্রতিবাদে সকাল থেকে আশুগঞ্জ বন্দর থেকে সকল ধরনের পন্য উঠা-নামা বন্ধ রাখা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকলীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’