‘সংখ্যালঘু সম্প্রদায়ের শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী’

 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের শেষ ভরসাস্থল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সংখ্যালঘুদের দায়দায়িত্ব তাকেই নিতে হবে।’
 
শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
‘সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছেন মন্ত্রী, এমপি ও সংসদের হুইপ’ মর্মে বৃহস্পতিবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এমন অভিযোগকে গুরুতর অভিযোগ দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘রক্ষকই ভক্ষক হলে তার চেয়ে দুঃথহজনক ঘটনা আর হতে পারে না। এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করবে। এর বিচার সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে হয় তা বুঝতে হবে। দীর্ঘ দিনের চিন্তা ও আচরণের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতা তৈরি হয়।’
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুণ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকিমিটির সহসম্পাদক ইকবাল খোকন প্রমুখ।