আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হবার কোন সম্ভবনা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি নির্বাচন চাচ্ছেন, নির্বাচন হবে, তবে তা সরকারী মেয়াদ পূরণ শেষে ২০১৯ সালের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়।
শুক্রবার বিকালে তাড়াশ উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী কলেজ মাঠে ৭১’মুক্তিযুদ্ধকালীন বেসরকারী সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা জনতার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পলাশডাঙ্গা যুব শিবিরের তৎকালীন ডেপুটি কমান্ডার ম ম আমজাদ হোসেন মিলন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মকবুল হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।
বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আপনি (খালেদা জিয়া) অগণতান্ত্রিক আন্দোলন ছেড়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে পরবর্তীতে এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার সরকার যে ওয়াদা দেয় তা পূরণ করে। বর্তমান সরকার জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছে। মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছে। খালেদা জিয়া সরকারের সময় দেশ জঙ্গীবাদে ছেয়ে গিয়েছিল। শেখ হাসিনার সরকার জঙ্গীদের দমন করে দেশে থেকে জঙ্গীবাদ নির্মূল করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে গেছে। বর্তমান সময় স্বাস্থ্য সেবায় বাংলাদেশ একটি মডেল। গ্রাম পর্যায়ে কমিনিউটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। তিনি সকল চিকিৎসককে সেবার মন-মানসিকতা নিয়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করার আহ্বান জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী তাড়াশ উপজেলা সদরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্য্য়া উন্নীত করণ প্রকল্পের উদ্বোধন এবং স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন।
জেলা সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়ের সভাপতিত্বে সমাবেশে স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগ্রেডিয়ার জেনারেল আহম্মেদুল কবির, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডাঃ সামিউল ইসলাম সাদি, রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ হেদায়েতুল ইসলাম ও তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক প্রমুখ বক্তব্য রাখেন।