রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় গ্রিন সিটি

জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অত্যাধুনিক গ্রিন সিটি নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার ঈশ্বরদীস্থ প্রকল্প এলাকায় আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ড. সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে এ সভায় গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশনের অ্যাটমষ্ট্রয় এক্সপোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তারা বলেন, মূল প্রকল্প এলাকার পাশে নতুনহাট এলাকায় অধিগ্রহণকৃত ৩১.৫৮ একর জমির একাংশে দুই হাজার মানুষের আবাসনের জন্য এই গ্রিন সিটি নির্মাণ করা হবে। এছাড়া এখানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি অফিস নির্মাণ করারও উদ্যোগ নেয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশনের অ্যাটমষ্ট্রয় এক্সপোর্ট এ অত্যাধুনিক সিটি নির্মাণ করবে এবং প্রকল্পে কর্মরত রাশিয়ান বিজ্ঞানী ও কর্মকর্তারা এখানে বসবাস করবেন। প্রকল্প চুড়ান্তভাবে বাস্তবায়নের পর রাশিয়ান কর্তৃপক্ষ এ সিটি বাংলাদেশ সরকারকে হস্তান্তর করবেন।
 
সভায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (প্রকৌশল) মঞ্জুরুল হক, রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শওকত হোসেন গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, নির্বাহী প্রকৌশলী মাওদুদুর রহমান, স্থাপত্য অধিদফতরের সহ-প্রধান স্থপতি আলী আশরাফ দেওয়ান, সহকারী স্থপতি নাসির উদ্দিন দিদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফিরোজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, সহকারী পুলিশ সুপার যাহিদ হোসেন, প্রকল্পের অফিসার ইন চার্জ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সভা শেষে আন্তঃমন্ত্রণালয়ের কর্মকর্তারা গ্রিন সিটির জন্য নির্ধারিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।