পশ্চিমবঙ্গে তিস্তা নদীর ওপর সেতু পেতে চলেছেন ছিটমহলের বাসন্দারা। কোচবিহারের হলদিবাড়ি এলাকায় দুই কিলোমিটার দীর্ঘ এ সেতু ’জয়ী’ তৈরি হবে। খরচ পড়বে ৪২৪ কোটি রুপি। এর ফলে আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যাওয়ার সময় অন্তত আড়াই ঘন্টা কমে যাবে। আগে ৮৫ কিমি রাস্তা ঘুরে আলিপুরদুয়ার থেকে কোচবিহারের মেখলিগঞ্জে যেতে হত।
স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে ভারতে যুক্ত হওয়া ৫১টি ছিটমহলের উন্নয়নের জন্য যে আর্থিক প্যাকেজ পেয়েছে তার একটা অংশ ব্যয় করে এ সেতু তৈরি হচ্ছে। সময় লাগবে দু বছর। সেতুটি তৈরির মূল লক্ষ্য হল কোচবিহার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা হলদিবাড়িকে জুড়ে দেওয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তার উপরে সেতুর শিলান্যাস করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘৪২৪ কোটি দিলাম। এই সেতু হলে ৮৫ কিমি রাস্তা ঘুরে আর মেখলিগঞ্জ যেতে হবে না। আড়াই ঘণ্টা সময় বেঁচে যাবে।’
ছিটমহল প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘ছিটমহল হস্তান্তর হয়ে গেছে ৩১ জুলাই রাত থেকে। অনেকে অনেক কথা বলে, কিছু করে দেখাতে পারে না। স্বাধীনতার পর সবাই বলেছে হবে, হবে। কিন্তু হয়নি। আমাদের মা–মাটি–মানুষের সরকার ক্ষমতায় এসে পরিবর্তনের পর আমরা কথা রেখেছি। আমরা বলেছিলাম করব। করে দেখিয়েছি। আজ ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষ নতুন মুক্তির স্বাদ পেয়েছে। নতুন করে স্বাধীনতা পেয়েছে। মুক্তির এই আনন্দ জীবনে আরো অনেক আনন্দ বয়ে আনুক।’